অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি\ সরকারি খাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুরিয়ে দেওয়ার ঘটনায় আব্দুস সালাম মাঝি (৫৩) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে খাল দখলকারীদের বিরুদ্ধে। আহতকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের। আহত সালাম বার্থী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ধানডোবা গ্রামের বাসিন্দা।
আহত বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা আরমান মাঝি সোমবার দুপুরে অভিযোগ করে বলেন, ধানডোবা এলাকার সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো একই গ্রামের সরোয়ার চৌকিদার। যা রবিবার (১৮ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ওই ঘটনায় আবার বাবা আব্দুস সালামকে দায়ী করে সোমবার সকাল সাড়ে আটটার দিকে খাল দখলকারী সরোয়ার ও তার সহযোগী কাসেম চৌকিদার ও আলিমের নেতৃত্বে কুপিয়ে জখম করা হয়। এবিষয়ে জানতে হামলাকারীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































